রাজবাড়ীতে ৩০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
- News Release Date : 13 Oct, 2026 | 05:19 AM | Photo Card | How Many People See: 40
রাজবাড়ীর গোয়ালন্দে ঝুটবোঝাই কার্গো ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কার্গো ট্রাক ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মীর মনির হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা গ্রামের মো. রমজান আলী (৩৪), একই থানার দিঘীরপাড় গ্রামের ট্রাকচালক মো. আরমান হোসেন ইউনুস (৩০) এবং কাগমারী গ্রামের ট্রাকের হেলপার মো. আরিফ হোসেন (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসায় ডিবি পুলিশের একটি দল। ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের একটি ঝুটবোঝাই টাটা কার্গো ট্রাক থামানো হয়। ট্রাকের চালক, হেলপার ও চালকের পেছনের বক্সে থাকা এক ব্যক্তির কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁরা পালানোর চেষ্টা করলে পুলিশ তিনজনকে আটক করে।
পরে তল্লাশি চালিয়ে ট্রাকের চালকের পেছনের বক্সে শুয়ে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল জিপার ব্যাগে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের ওজন প্রায় তিন কেজি। এ ছাড়া ১২ টনের ট্রাক ও দুটি স্মার্টফোন এবং একটি বাটন ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, বিক্রির উদ্দেশ্যে ঢাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ট্রাকচালক ও হেলপারের সহায়তায় সেগুলো যশোরে নেওয়া হচ্ছিল। গ্রেপ্তার রমজান আলীকে মাদক কারবারের মূল হোতা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।
Posted by : ডেইলি সিলেট বুলেটিন
ডেইলি সিলেট বুলেটিন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!